• হোম > বাংলাদেশ > ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করলেন আদালত

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করলেন আদালত

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৭:৩১
  • ৫৪

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

হামের প্রাদুর্ভাব, টিকাদান কর্মসূচিতে অবহেলা এবং শিশু মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি খারিজের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনি উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারার আওতায় আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এর আগে গত ৫ জুলাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন দাখিল করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে রোববার আদেশ ঘোষণার দিন নির্ধারণ করা হয় এবং নির্ধারিত দিনে আদালত আবেদনটি খারিজ করে দেন।

মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম ছাড়াও আসামি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে।

মামলার আবেদনে বাদী দাবি করেন, তার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে।

এছাড়া তিনি অভিযোগ করেন, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় তার সন্তান টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশজুড়ে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগে দাবি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ ছিল, এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষা ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার শামিল। তবে আদালত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রয়োজনীয় আইনগত উপাদান খুঁজে না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13652 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 12:58:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh