• হোম > রাজনীতি > ‘আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন’—ড. হাফিজুর রহমান

‘আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন’—ড. হাফিজুর রহমান

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৭:২৪
  • ৫৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক দুর্যোগকালীন তৎপরতার প্রশংসা করে আলোচনায় এসেছেন দলটির নেতা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন, “আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন।”

রোববার দেওয়া ওই স্ট্যাটাসে ড. হাফিজুর রহমান লিখেছেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্ব বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের বার্তা দিচ্ছে। তার ভাষ্য, দেশের যেকোনো মানবিক দুর্যোগে সবার আগে উপস্থিত হওয়ার যে দৃষ্টান্ত জামায়াতের আমির স্থাপন করছেন, তা অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় ডা. শফিকুর রহমান সাধারণ পোশাকে পানিতে নেমে দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর ফলে শুধু অন্যান্য রাজনৈতিক দল নয়, জামায়াতের নির্বাচিত প্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরাও জনগণের আরও কাছে থাকার চাপ অনুভব করছেন বলে মন্তব্য করেন তিনি।

ড. হাফিজুর রহমান তার স্ট্যাটাসে আরও লেখেন, একজন দলের আমির যদি সাধারণ মানুষের কষ্ট ভাগাভাগি করতে মাঠে নেমে যেতে পারেন, তাহলে জনপ্রতিনিধিদের দূরে থেকে রাজনীতি করার সুযোগ কমে যায়। মানুষের প্রত্যাশাও এখন অনেক বেড়ে গেছে।

তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম সফরের পর দুর্গত এলাকায় সরকারি সহায়তা ও প্রশাসনিক সমন্বয় আরও জোরদার হয়েছে। তার মতে, এই ধরনের কার্যক্রম প্রমাণ করে বিরোধী দলে থেকেও জনগণের পাশে দাঁড়িয়ে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করা সম্ভব।

ড. হাফিজুর রহমান আরও বলেন, এ ধরনের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গণসেবাভিত্তিক রাজনীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব বলেও তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন।

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতামত ও বিশ্লেষণ দেখা যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13648 ,   Print Date & Time: Thursday, 24 September 2026, 09:58:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh