• হোম > বাংলাদেশ > ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর গভীর শোক

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৭:১০
  • ৫৬

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের রাজনীতি, আইন ও সংসদীয় গণতন্ত্রে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের স্ট্যাটাসে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের আইনাঙ্গন, সংসদীয় গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন। একজন প্রখ্যাত আইনজ্ঞ, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন দক্ষ লেখক হিসেবেও তিনি সমাদৃত ছিলেন এবং তার রচিত বইগুলো পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

শোকবার্তায় রাষ্ট্রদূত নিজের ব্যক্তিগত স্মৃতিচারণও করেন। তিনি জানান, প্রায় দুই দশক আগে জাতীয় সংসদের স্পিকার থাকাকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আন্তরিকতার সঙ্গে তাদের বৌভাত অনুষ্ঠানের জন্য সংসদের এলডি হল বরাদ্দ দিয়েছিলেন। শুধু তাই নয়, সেদিন সংসদের অধিবেশন সংক্ষিপ্ত করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতির জন্য দোয়া করেছিলেন, যা আজও তার স্মৃতিতে অমলিন হয়ে আছে।

মুশফিকুল ফজল আনসারী আরও জানান, আন্তর্জাতিক সাংবাদিকতা নিয়ে তার পেশাগত যাত্রায়ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমন্ত্রণে কোর্ট প্রাঙ্গণে তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন তিনি। সে সময় একটি ছবি তোলার অনুরোধ করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নিজেই আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে ডেকে দুজনের একসঙ্গে ছবি তুলে দেওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রদূতের ভাষায়, সেই মুহূর্তটি তার জীবনের অন্যতম সম্মানের স্মৃতি হয়ে থাকবে।

স্ট্যাটাসের শেষাংশে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ হারালো একজন প্রজ্ঞাবান, সজ্জন ও রাষ্ট্রনায়কোচিত ব্যক্তিত্বকে। ব্যক্তিগতভাবে তিনি হারিয়েছেন একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এ প্রার্থনাও জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13646 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 08:07:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh