![]()
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল, আর বাকি চারজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ৯০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯ জন।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৬৪ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০।
এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সময়ে ৮৪৩ জন শিশু চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।