• হোম > Following > মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ, এবার ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ, এবার ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধি

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৭:০৩
  • ৫৯

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়।

এই জয়ের মধ্য দিয়ে আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন সামানজার সাঈদ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মনজুর। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সামাজিক সচেতনতা এবং উপস্থাপনা দক্ষতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর প্রতিষ্ঠাতা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণ-তরুণীদের মডেলিং, উপস্থাপনা ও ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই তাদের এই যাত্রা শুরু হয়েছিল।

তিনি জানান, ইতোমধ্যে ট্যালেন্ট ক্যাম্পের ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে উঠে আসা অনেকেই দেশের ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে সফলভাবে কাজ করছেন। নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

এবারের প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, দ্য ডেইলি স্টার–এর স্টার লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং নারীর সক্ষমতাকে সফলভাবে বিশ্বের সামনে তুলে ধরবেন সামানজার সাঈদ। তার এই অর্জন দেশের তরুণীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন দেশের সৌন্দর্যপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবেন নবনির্বাচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13638 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 04:37:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh