• হোম > রাজনীতি > শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

  • রবিবার, ১২ জুলাই ২০২৬, ১৬:৪৯
  • ৫০

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দেশে এসে আত্মসমর্পণ করার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসিত অবস্থায় রয়েছেন। ফলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে গ্রেপ্তার অবস্থায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা স্বাধীনভাবে দেশে এসে আত্মসমর্পণ করতে পারবেন না। তাকে ফিরিয়ে আনতে হলে ভারত সরকারকেই বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে হবে। আইনের দৃষ্টিতে এটাই একমাত্র গ্রহণযোগ্য প্রক্রিয়া।

তিনি আরও বলেন, বর্তমানে শেখ হাসিনা একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত। তাই নির্বাসনে থেকে স্বেচ্ছায় দেশে এসে আত্মসমর্পণের সুযোগ আইন অনুমোদন করে না। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের সহযোগিতার মাধ্যমেই অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার বিধান রয়েছে।

এর আগে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, “তিনি ডিসেম্বরে আসবেন নাকি জানুয়ারিতে আসবেন, সেটি তার বিষয়। কিন্তু আইন অনুযায়ী তাকে এখনই প্রয়োজন। তাই এ নিয়ে কোনো ধরনের স্ট্যান্টবাজি কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা উচিত হবে না।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও সরাসরি সাক্ষাৎকারে অংশ নেননি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন বাংলাদেশ ও ভারতের পারস্পরিক আইনি সহযোগিতা এবং কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13625 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 05:42:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh