• হোম > অর্থনীতি | বাংলাদেশ > ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা টাকা পাবেন কিনা, যা বললেন অর্থমন্ত্রী

ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা টাকা পাবেন কিনা, যা বললেন অর্থমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২২:২৯
  • ৬৪

ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা টাকা পাবেন কিনা, যা বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আশ্বস্ত করেছেন যে, দেশের ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর কোনো আমানতকারীকেই ‘হেয়ারকাট’-এর মুখোমুখি হতে হবে না; সবাই তাদের জমাকৃত অর্থ সুদসহ ফেরত পাবেন। বুধবার (৮ জুলাই) সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি বলেন, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বর্তমানে দুর্বল এবং লোকসান ক্রমাগত বাড়ছে, তাই পুরো অর্থ পরিশোধে কিছুটা সময় লাগতে পারে। তবে জনগণের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব এবং আমানতকারীদের মূল অর্থ ও সুদ উভয়ই ফেরত দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬ এবং আমানত সুরক্ষা আইন, ২০২৬ কার্যকর করেছে। নতুন আইনের আওতায় দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট সব আমানতকারীর স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বীমাকৃত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদেরও সুরক্ষার আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর ঋণ অনিয়ম ও আর্থিক দুর্নীতির তদন্তে বিশেষ ফরেনসিক নিরীক্ষা চলছে। বাংলাদেশ ব্যাংককে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ নিয়ন্ত্রণ, জব্দ ও বিক্রির ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার করে আমানতকারীদের ফেরত দেওয়া যায়। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত ব্যাংকের পক্ষে ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে ৯টি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে এনে ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার সম্ভাব্য সব আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13531 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 10:17:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh