![]()
দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম মেহর নিউজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বা উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের ভিক্টরি বেসে বিস্ফোরণের খবরও প্রকাশ করেছে মেহর নিউজ। তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র, কুয়েত, জর্ডান বা ইরাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি।