• হোম > বাংলাদেশ | রাজনীতি > হাসিনাকে ফেরাতে ভারত সহযোগিতা করছে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারত সহযোগিতা করছে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২২:১৪
  • ৬২

হাসিনাকে ফেরাতে ভারত সহযোগিতা করছে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার প্রত্যর্পণের উদ্যোগ শুরু হয়েছিল এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া পুনরায় এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি বা প্রযোজ্য আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় দণ্ডিত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনতে নির্ধারিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যা সময়সাপেক্ষ।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। ভারতের সহযোগিতা বা সম্ভাব্য আইনি জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী সরকার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।

গণমাধ্যমে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডিত একজন আসামির মন্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়। তিনি দাবি করেন, বাংলাদেশের আদালতে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং বিভিন্ন অপরাধ, হত্যা, গুম, দুর্নীতি ও দমন-পীড়নের অভিযোগের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সরকারের প্রত্যাশা, প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আদালতে ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13523 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 02:21:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh