• হোম > রাজনীতি > শেখ হাসিনা প্রত্যর্পণে কূটনৈতিক তৎপরতা অব্যাহত: শামা ওবায়েদ

শেখ হাসিনা প্রত্যর্পণে কূটনৈতিক তৎপরতা অব্যাহত: শামা ওবায়েদ

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২০:১৭
  • ৯৬

---

ই-বাংলাদেশ ডেস্ক 

ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং সরকার আইনি ও আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করেই বিষয়টি এগিয়ে নিচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছিল। জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই প্রক্রিয়া পুনরায় সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। তবে তিনি উল্লেখ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হতে স্বাভাবিকভাবেই সময় লাগে।

শামা ওবায়েদ বলেন, প্রত্যর্পণ চুক্তি বা প্রযোজ্য অন্যান্য আইনি কাঠামোর আওতায় দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে নির্ধারিত আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ কারণে বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করছে।

ভারত সহযোগিতা করছে কি না বা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব আইনি বিষয় আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা, এবং সেই দায়িত্ব যথাযথভাবেই পালন করা হচ্ছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, একজন পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়। তার ভাষ্য, বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন এবং বিভিন্ন অভিযোগের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। সরকার আশা করছে, প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনের আওতায় বিচার করা সম্ভব হবে।

তিনি বলেন, দুর্নীতি, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে দেশের জনগণ একটি ন্যায্য, স্বচ্ছ ও আইনসম্মত বিচার প্রত্যাশা করে। সরকারও সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13513 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 06:55:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh