• হোম > বাংলাদেশ > আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১৭:১৬
  • ৬৬

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে নওগাঁ-৫ আসনের সরকারি দলের সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা, নতুন শ্রমবাজার সৃষ্টি, বিদ্যমান বাজার সংরক্ষণ এবং কর্মীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী ট্রেড ও কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে।

সংসদে বরিশাল-৩ আসনের সদস্য জয়নুল আবেদীনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বিদেশগামী কর্মীদের নিবন্ধন, প্রশিক্ষণে ভর্তি, সনদ প্রদান, বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়ন, বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও স্বচ্ছ করতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে।

মন্ত্রীর ভাষ্য, ডিজিটাল এই প্ল্যাটফর্ম চালুর ফলে মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি বৃদ্ধি পেয়েছে।

আরিফুল হক চৌধুরী আরও জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনের আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান আরও শক্তিশালী করা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13482 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 07:30:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh