• হোম > অর্থনীতি > রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে, আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে, আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১৭:০৩
  • ৮০

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য নির্ধারিত ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের কর্মকর্তারা পুরোপুরি প্রস্তুত এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে সর্বাত্মকভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আদায় খুব ভালো হবে। এনবিআরের সবাই গিয়ারড আপ। ইনশাআল্লাহ আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা পূরণ করতে সক্ষম হব।”

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। এটি সদ্যসমাপ্ত অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে এনবিআরের চেয়ারম্যান আহসান হাবীব, অর্থ বিভাগের সচিবসহ জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারাও তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বিটিএমএর সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ী সমাজের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কোথায় কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলোর কার্যকর সমাধান কীভাবে দেওয়া যায়—তা নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে অনেক ডি-রেগুলেশন করেছি। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে, সেগুলো আলোচনায় আসছে। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

সরকারের এই উদ্যোগের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13476 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 08:08:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh