• হোম > বাংলাদেশ > ট্রান্সফরমার বিকল, অন্ধকারে জাপান গার্ডেন সিটি—দ্রুত সমাধানের নির্দেশ

ট্রান্সফরমার বিকল, অন্ধকারে জাপান গার্ডেন সিটি—দ্রুত সমাধানের নির্দেশ

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১৭:০০
  • ৭২

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের আবাসন প্রকল্প জাপান গার্ডেন সিটিতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তিন হাজারেরও বেশি বাসিন্দা। আবাসনটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ বিষয়টি জানার পর দ্রুত সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে। তবে আবাসন প্রকল্পটির নিজস্ব উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় পুরো কমপ্লেক্সের অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

ডিপিডিসি জানিয়েছে, বাসিন্দাদের দুর্ভোগ কমাতে সমক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে সরবরাহ করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ফ্ল্যাট মালিক ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রয়োজনীয় আবেদন কিংবা কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। ফলে বিদ্যুৎ পুনঃস্থাপনের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। ডিপিডিসি সহযোগিতা দিতে প্রস্তুত থাকলেও সংকট সমাধানে ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয় প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের ব্যবস্থা করতে হবে।”

এদিকে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসিন্দারা নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন অথবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13474 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 08:51:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh