• হোম > রাজনীতি > প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

  • বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১৫:২৮
  • ৫৪

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ।

বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। তার দাবি, এসব ব্যক্তি সরকারের পাশাপাশি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পর্যায়েও অবস্থান করছে এবং তারা দেশ ও সরকারের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। প্রকাশ্য রাজনৈতিক বিরোধীরা নয়, বরং তার আশপাশে থাকা কিছু লোকই প্রকৃত হুমকি হতে পারে। এ কারণে দলের ভেতরে থাকা কথিত বিদেশি গুপ্তচরদের শনাক্ত করে বহিষ্কারের আহ্বান জানান তিনি।

অলি আহমদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটছে, অর্থনৈতিক পরিস্থিতিও দুর্বল এবং নতুন বিনিয়োগ প্রত্যাশিত হারে আসছে না। এসব বিষয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।

সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত রাষ্ট্র ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া।

তিনি আরও বলেন, ১১ দল সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়; বরং দেশের স্বার্থে গঠনমূলক পরামর্শ দিচ্ছে। তার ভাষায়, ইতিহাসে একজন সফল নেতা হিসেবে স্মরণীয় হতে হলে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13457 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 05:32:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh