![]()
আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক থামার আগেই নতুন করে আলোচনায় এসেছে ফিফার রেফারি নিয়োগ। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচে অন-ফিল্ড ও অফ-ফিল্ড—মোট পাঁচজন ম্যাচ অফিসিয়ালই আর্জেন্টিনার হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে রেফারি প্যানেলের পাঁচ সদস্যই একই দেশের। আর্জেন্টিনা–মিসর ম্যাচ চলাকালেই ফিফা ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারিদের নাম ঘোষণা করে।
বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে, কারণ ফ্রান্স ও আর্জেন্টিনা সাম্প্রতিক দুটি বিশ্বকাপের নকআউট পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স ৪–৩ গোলে আর্জেন্টিনাকে হারায়। পরে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩–৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪–২ ব্যবধানে শিরোপা জিতে নেয়।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে লিখেছে, ‘গভর্নিং বডির কোনো লজ্জা নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ফ্রান্সের ম্যাচের জন্য সব আর্জেন্টাইন রেফারি। ফিফা আবারও আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।’ আরেকজন ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘সবাই যখন আর্জেন্টাইন, তাহলে মেসিকেও ভিএআরের দায়িত্বে বসিয়ে দিন!’
ফ্রান্স–মরক্কো ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচেও তিনিই দায়িত্বে ছিলেন।
তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্টিয়ান নাভারো—তাঁরাও সবাই আর্জেন্টিনার।
তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো।
তিনি বলেন, “রেফারি কে হবেন, সেটা নিয়ে আমি ভাবছি না। আমরা আগে কখনো এভাবে বিষয়টি দেখিনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষে ম্যাচে। আমরা শুধু জিততে চাই, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”