![]()
দেশের নতুন ভিসা নীতিমালা চূড়ান্ত করার লক্ষ্যে ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে ৮ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী (চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। প্রয়োজনে অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সচিবালয় সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া কমিটির সুপারিশ অনুযায়ী পরিমার্জিত ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।