• হোম > রাজনীতি > বিরতির পর মন্ত্রীরা না আসায় নির্ধারিত সময়ের আগেই শেষ প্রশ্নোত্তর

বিরতির পর মন্ত্রীরা না আসায় নির্ধারিত সময়ের আগেই শেষ প্রশ্নোত্তর

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৯:৪৭
  • ৫৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

মন্ত্রীদের অনুপস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব

জাতীয় সংসদে আসরের নামাজের বিরতির পর নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা অধিবেশন কক্ষে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে এ ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে যোগ দিলেও প্রশ্নোত্তর পর্ব আর চালু করা হয়নি।

দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রশ্নোত্তরের শুরুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংসদে উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসরের নামাজের জন্য অধিবেশনে বিরতি ঘোষণা করেন। তিনি জানান, বিরতির পর প্রশ্নোত্তর পর্বের বাকি অংশ অনুষ্ঠিত হবে।

বিরতি শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে সংসদের বৈঠক পুনরায় শুরু হলে সভাপতির আসনে বসেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর জানান, সংশ্লিষ্ট মন্ত্রীরা তখনও অধিবেশন কক্ষে উপস্থিত হননি।

ডেপুটি স্পিকার বলেন, “এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর দেওয়ার বিষয় রয়েছে। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তাঁরা কেউ এ হাউসে উপস্থিত নেই। সে কারণে প্রশ্নোত্তর পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি।”

এরপর সংসদের পরবর্তী কার্যসূচি শুরু হয়। যদিও কিছুক্ষণ পর সংশ্লিষ্ট মন্ত্রীরা অধিবেশনে যোগ দেন, তবুও নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি।

সংসদীয় কার্যক্রমে প্রশ্নোত্তর পর্বকে সরকার ও মন্ত্রীদের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। তাই নির্ধারিত সময়ে মন্ত্রীদের অনুপস্থিতির কারণে এ পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় বিষয়টি সংসদে উপস্থিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13405 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 04:38:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh