• হোম > বিদেশ > পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ৯৬ জনের

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ৯৬ জনের

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৯:২৫
  • ৫৮

---

ই-বাংলাদেশ ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত চার দিনে একাধিক সশস্ত্র হামলা ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মোট ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪২ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য, আর পাল্টা অভিযানে ৫৪ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (৮ জুলাই) বেলুচিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি জানান, প্রথম হামলাটি ঘটে ৪ ও ৫ জুলাই রাতে হান্না উরাক এলাকায়। সেখানে সশস্ত্র হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হন।

দ্বিতীয় ও সবচেয়ে বড় হামলাটি ঘটে জিয়ারাত জেলার মাঙ্গি বাঁধ এলাকার একটি পুলিশ চেকপোস্টে। আইএসপিআরের দাবি অনুযায়ী, হামলায় প্রথমে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে হামলাকারীরা জিম্মি করে নিয়ে যাওয়া আরও ১৮ জন পুলিশ সদস্যকে হত্যা করে। ফলে ওই ঘটনায় মোট ২৭ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়।

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থলের আশপাশ থেকে ১৫ জন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে আরও ১১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। জিয়ারাতের পাহাড়ি এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তৃতীয় হামলাটি ঘটে বুধবার উইন্ডারের বেলা এলাকায়। সেখানে সেনাবাহিনীর একটি বহরের ওপর হামলা চালানো হলে একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা (জেসিও) এবং ১০ জন সেনাসদস্য নিহত হন। পাল্টা অভিযানে ১৪ জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।

এ ছাড়া খারান ও ডালবন্দিন এলাকায় পৃথক নিরাপত্তা অভিযানে আরও ১৪ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক।

সব মিলিয়ে গত চার দিনের সহিংসতায় চারজন বেসামরিক নাগরিক, ২৭ জন পুলিশ সদস্য এবং ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ৫৪ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং ভারতের সমর্থনপুষ্ট বলে অভিযুক্ত কিছু গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করেছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13401 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 06:17:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh