• হোম > রাজনীতি > ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে হারানো হয়েছে’— অভিযোগ শফিকুর রহমানের

ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে হারানো হয়েছে’— অভিযোগ শফিকুর রহমানের

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৯:১১
  • ৪৭

---

ই-বাংলাদেশ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ১১ দলকে নির্বাচনের মাধ্যমে নয়, বরং ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি এবং পরবর্তীতে বিষয়টি স্বীকার করেছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে তাদের রাজনৈতিক আপত্তি থাকলেও দেশের স্থিতিশীলতা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় ১১ দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তবে জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে এবং রাজপথ—উভয় জায়গাতেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় বৃথা যাবে না। জনগণের সেই রায় অবশ্যই বাস্তবায়িত হবে। এ দাবিতে সংসদের ভেতরে যেমন সোচ্চার থাকব, তেমনি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আরও শক্তিশালী হবে।’

বিরোধীদলীয় নেতা রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত অভিমান বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণের রায়কে সম্মান জানানোই গণতন্ত্রের মূল ভিত্তি।

সংবিধান সংস্কারের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এ জন্য আলাদা কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই। তার মতে, জাতীয় সংসদের বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব।

তিনি আরও বলেন, গণভোটের উদ্দেশ্য কেবল সংবিধানের কিছু ধারা পরিবর্তন করা নয়; বরং দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক ও কার্যকর পরিবর্তন নিশ্চিত করা।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন কিংবা পুরোনো—কোনো ধরনের ফ্যাসিবাদই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও ইতিহাসকে খাটো করা বা অসম্মান করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও ঘোষণা দেন তিনি।

সেমিনারে তিনি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক চর্চা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল পরিচালনার আহ্বান জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13395 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 09:15:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh