• হোম > বাংলাদেশ > সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দক্ষ নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দক্ষ নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৯:০২
  • ৪৭

---

ই-বাংলাদেশ ডেস্ক

জাতীয় সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতা, দক্ষতা এবং দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিচর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

সংসদ ভবনে এসে তারা বিশ্বখ্যাত স্থপতি কর্তৃক নকশাকৃত ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা এ উদ্যোগকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13393 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 10:19:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh