• হোম > উত্তর আমেরিকা | বিদেশ > ইরানের সঙ্গে সমঝোতা শেষ, আর কোনো আলোচনা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা শেষ, আর কোনো আলোচনা নয়: ট্রাম্প

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৮:৪৬
  • ৫৭

---

ই-বাংলাদেশ ডেস্ক

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের সঙ্গে সংঘাত নিরসনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে আর কোনো ধরনের সমঝোতা বা আলোচনা চালিয়ে যেতে তিনি আগ্রহী নন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তির সুযোগ নেই।

ট্রাম্প বলেন, সমঝোতা স্মারকটি এখন কার্যত অতীতের বিষয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করতে চান না এবং তাদের সঙ্গে আলোচনা করাকে তিনি সময়ের অপচয় হিসেবে মনে করেন।

মার্কিন প্রেসিডেন্ট একই বক্তব্যে ইরানের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের আচরণ এবং সাম্প্রতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ইরানের তেল বিক্রির ক্ষেত্রে দেওয়া সাময়িক ছাড়ও প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।

ন্যাটো সম্মেলনে ট্রাম্প আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পেনের ন্যাটোতে ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি, জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক তেলবাজার এবং আঞ্চলিক কূটনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13385 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 01:27:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh