• হোম > বাংলাদেশ > বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১৩:৫৭
  • ৩৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা মাদক পাচার প্রতিরোধ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক নগর নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত মে মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সমাজকে মাদকের ঝুঁকি থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ এবং বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের নাগরিকত্ব-সংক্রান্ত জটিলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় পারিবারিক নথির অভাবে অনেকেই পাকিস্তানের কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) পাচ্ছেন না, ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। এ সমস্যার মানবিক সমাধানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন তিনি।

নগর নিরাপত্তা জোরদারে পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের অভিজ্ঞতার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলামাবাদ, লাহোর, করাচি ও মুলতানসহ ৪০টিরও বেশি শহরে বাস্তবায়িত এ উদ্যোগ বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে। বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ করতে এ বিষয়ে পাকিস্তানের কারিগরি ও কৌশলগত সহযোগিতাও চান তিনি।

বাংলাদেশ পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রমে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, অতীতে সৌদি আরবে অবস্থানরত অনিবন্ধিত রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে কাজ করেছে। ভবিষ্যতেও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।

বৈঠকের শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তিনি ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সফরের আশ্বাস দেন। বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13348 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 02:22:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh