• হোম > খেলা | ফুটবল > ‘কী অসাধারণ একদল খেলোয়াড়’, জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি

‘কী অসাধারণ একদল খেলোয়াড়’, জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি

  • বুধবার, ৮ জুলাই ২০২৬, ১১:৪২
  • ৪৫

‘কী অসাধারণ একদল খেলোয়াড়’, জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে মিশরের বিপক্ষে ৩-২ গোলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। রুদ্ধশ্বাস এই জয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ। এতটাই আবেগাপ্লুত ছিলেন যে, ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ঠিকভাবে দিতে পারেননি তিনি।

ম্যাচ শেষে ফিফার নিয়ম অনুযায়ী আটলান্টা স্টেডিয়ামের মাঠেই স্কালোনির সাক্ষাৎকার নিতে যান আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক। প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি স্কালোনি। চোখের জল মুছতে মুছতে তিনি শুধু বলেন, “আমি মাথা তুলে তাকাতেও পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি। কী অসাধারণ একদল খেলোয়াড়! এখন আমাকে যেতে হবে, কিছু মনে করবেন না।”

প্রধান কোচ কথা বলতে না পারলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হন সহকারী কোচ রবার্তো আয়ালা। তিনিও খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে বলেন, “আমরা এখন অবিশ্বাস্য স্বস্তি অনুভব করছি। এই ছেলেরা প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে। তারা কখনো হাল ছাড়ে না, সবসময় আরও ভালো কিছু করতে চায় এবং অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে।”

আয়ালা আরও বলেন, “ম্যাচের এক পর্যায়ে আমরা ভীষণ কঠিন পরিস্থিতিতে ছিলাম। কিন্তু খেলোয়াড়রা প্রতিজ্ঞা করেছিল, বিদায় নিতে হলেও মাথা উঁচু করেই নেবে। শেষ পর্যন্ত তারা যেভাবে ফিরে এসেছে, সেটিই এই দলের মানসিক শক্তি ও শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ।”

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। এরপর ক্রিস্টিয়ান রোমেরোর গোলে ঘুরে দাঁড়ানোর সূচনা হয়। ৮৩ মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান, আর যোগ করা সময়ের ৯২ মিনিটে এনজো ফার্নান্দেসের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13336 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 09:21:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh