![]()
ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউট পর্বের এই লড়াইয়ে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে মিশর।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার খেলায় ছিল কিছুটা অগোছালো ভাব। মাঝমাঠে একাধিক ভুল পাস ও বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মিশর।
ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে এগিয়ে যায় আফ্রিকার দলটি। মারওয়ান আতিয়ার নিখুঁত ক্রস থেকে বক্সের ভেতরে উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেড করেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। তার দুর্দান্ত হেড আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে পরাস্ত করে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা।
এরপর সমতায় ফেরার সুবর্ণ সুযোগও পেয়েছিল লিওনেল স্কালোনির দল। বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবের অসাধারণ দক্ষতায় তার শট ঠেকিয়ে দেন। ফলে সমতায় ফেরার সোনালি সুযোগ হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের।
মেসির এই পেনাল্টি মিস বিশ্বকাপে তার জন্য আরেকটি হতাশার অধ্যায় যোগ করেছে। চলতি আসরে এটি তার দ্বিতীয় পেনাল্টি মিস এবং বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) একই আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডও গড়েছেন তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে আর্জেন্টিনা বলের দখল ধরে রাখলেও মিশরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। অন্যদিকে দ্রুত পাল্টা আক্রমণে একাধিকবার আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা।
এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আর্জেন্টিনাকে আরও আক্রমণাত্মক ও কার্যকর ফুটবল খেলতে হবে। অন্যদিকে ঐতিহাসিক জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া মিশর এই লিড ধরে রাখতে চাইবে শেষ বাঁশি পর্যন্ত।