• হোম > খেলা | ফুটবল > ‘আমরা শুধু মেসির বিপক্ষে খেলছি না’—আর্জেন্টিনাকে বার্তা মিশরের বিস্ময়বালক হামজার

‘আমরা শুধু মেসির বিপক্ষে খেলছি না’—আর্জেন্টিনাকে বার্তা মিশরের বিস্ময়বালক হামজার

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২:৫৫
  • ৫৩

---

ই-বাংলাদেশ ডেস্ক

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মিশরের উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেলকরিম। সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া এই তরুণ ইতোমধ্যে মিশরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিশ্বকাপ অভিষিক্ত ফুটবলার হিসেবে রেকর্ড গড়েছেন। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তার আত্মবিশ্বাসী মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে আফ্রিকান দলটির অন্যতম চমক হামজা। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে অভিষেক হয় তার। এবার আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকা এই তরুণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য কোনো একক খেলোয়াড় নয়।

লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে হামজা বলেন, “আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, শুধু মেসির বিপক্ষে নয়।”

তার মতে, ফুটবল একটি দলীয় খেলা এবং প্রতিপক্ষকে একটি ইউনিট হিসেবেই মূল্যায়ন করা উচিত। বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি মেসির বিপক্ষে খেলতে নামলেও সেটিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেন, “আমি যখন মাঠে নামি, তখন শুধু খেলাটাই উপভোগ করি। মাঠের বাইরে কে কী বলল বা করল, সেটা নিয়ে আমি ভাবি না। আমার পুরো মনোযোগ থাকে মাঠের পারফরম্যান্সে।”

তবে মিশর দলের অধিনায়ক মোহাম্মদ সালাহর প্রতি নিজের শ্রদ্ধার কথাও অকপটে জানিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। হামজার ভাষায়, “সালাহ শুধু আমার নয়, পুরো দলের জন্য অনুপ্রেরণা। তিনি নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন, আমরা সেগুলো থেকে শেখার চেষ্টা করি। তার মতো ক্যারিয়ার গড়া সত্যিই অসাধারণ। তার সঙ্গে একই দলে খেলতে পারাটা আমার জন্য গর্বের।”

কে এই হামজা আবদেলকরিম?

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্ম নেওয়া হামজা আবদেলকরিমের ফুটবল যাত্রা শুরু হয় মালয়েশিয়ায়। পরে ২০২০ সালে তিনি মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির যুব একাডেমিতে যোগ দেন। বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পর মাত্র ১৭ বছর বয়সে আল আহলির সিনিয়র দলে অভিষেক করে ক্লাবটির এই শতাব্দীর সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েন।

অনূর্ধ্ব-১৭ আফ্রিকা কাপ অব নেশনস ও বিশ্বকাপে ২১ ম্যাচে ১২ গোল করে ইউরোপের একাধিক ক্লাবের নজরে আসেন তিনি। শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা তাকে বার্সেলোনা বি দলে ধারে নিয়ে যায়। অভিষেক ম্যাচেই মাত্র ১৫ মিনিটে হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের জানান দেন হামজা।

পরবর্তীতে ১১ ম্যাচে ৮ গোল করার পর বার্সেলোনা তার চুক্তির স্থায়ী কেনার ধারা কার্যকর করে। এমনকি প্রথম দলের প্রধান কোচ হান্সি ফ্লিকও জানিয়েছেন, আসন্ন মৌসুমের প্রস্তুতিতে হামজা তার পরিকল্পনার অংশ থাকবেন।

বিশ্বকাপে অভিষেকের মাধ্যমে তিনি মিশরের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন। মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ ও ত্রেজেগের মতো তারকাদের সঙ্গে এবার বিশ্বমঞ্চে মিশরের আক্রমণের অন্যতম ভরসা এই তরুণ স্ট্রাইকার। তাই আর্জেন্টিনার বিপক্ষে তার পারফরম্যান্সের দিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13326 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 05:03:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh