• হোম > খেলা | ফুটবল > বিশ্বকাপে পেনাল্টি মিসে অবাঞ্ছিত রেকর্ড গড়লেন লিওনেল মেসি

বিশ্বকাপে পেনাল্টি মিসে অবাঞ্ছিত রেকর্ড গড়লেন লিওনেল মেসি

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২:৪৯
  • ৬৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ক্যারিয়ারে অসংখ্য গৌরবময় মুহূর্ত থাকলেও বিশ্বকাপের পেনাল্টি থেকে গোল করার পরিসংখ্যান তার নামের সঙ্গে একেবারেই বেমানান। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই পেনাল্টি মিসের মাধ্যমে বিশ্বকাপে নেওয়া আটটি স্পট কিকের মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হলেন মেসি। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে তার নেওয়া পেনাল্টির অর্ধেকই জালে জড়ায়নি।

চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পট কিক কাজে লাগাতে পারেননি তিনি। ফলে টাইব্রেকার বাদ দিয়ে বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কিছুটা ছন্দহীন ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। মাঝমাঠে একাধিক ভুল পাস ও বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ১৫তম মিনিটে এগিয়ে যায় মিসর।

শর্ট কর্নার থেকে গড়ে ওঠা আক্রমণে মারওয়ান আত্তিয়ার নিখুঁত ক্রসে দারুণ এক হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। শক্তিশালী সেই হেড ঠেকানোর কোনো সুযোগই পাননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর।

গোল হজমের পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে ফাউলের শিকার হলে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি।

তবে ডান দিকের নিচু কোণে নেওয়া মেসির শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। আগেভাগেই মেসির শটের দিক অনুমান করে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচান তিনি। তার দুর্দান্ত সেভে উল্লাসে ফেটে পড়ে মিসর শিবির, আর হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা।

ম্যাচের বাকি সময়ে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের নজর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13324 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 04:13:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh