• হোম > অর্থনীতি | বাংলাদেশ | রাজনীতি > দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২১:৫৩
  • ৪১

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতের মতো ভিন্নমত দমন ও বিরোধী কণ্ঠ রোধের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে দেশে একদলীয় শাসন ছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না, গুমের শিকার হতো। এখন আবারও বাংলাদেশকে সেই একই পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। জনসভা করতে গেলে বোমা ও ককটেল হামলার মুখে পড়তে হয়।’

তিনি আরও বলেন, ‘যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। টানা ১৬ বছর একদলীয় শাসনের পর আওয়ামী লীগকে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

পদযাত্রায় হামলার প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ বা হামলা চালিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। সখীপুরের মানুষ সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালে দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে তরুণরা জীবন দিয়েছে। কিন্তু যদি মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট চলতেই থাকে, তাহলে সেই আত্মত্যাগের মূল্য থাকবে না। এক দলকে সরিয়ে আরেক দলের লুটপাটের সুযোগ তৈরি করার জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি।’

বিচার ও আইনের শাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেছি। কিন্তু ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা আওয়ামী লীগের বিচার চাই, তবে নিরপরাধ মানুষকে হয়রানি করা চলবে না। একই সঙ্গে চাঁদাবাজি ও লুটপাটও বন্ধ করতে হবে।’

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সখীপুর পৌরসভার এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13316 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 12:29:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh