![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ইতিবাচক প্রভাব হিসেবে বাংলাদেশের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গতকাল (সোমবার) থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম আবার শুরু হয়েছে।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।
এর আগে সার্কিট হাউসে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি—বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশের জন্য খুলে যাবে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে উভয় দেশ একসঙ্গে কাজ করছে।
তিনি আশা করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।