• হোম > অর্থনীতি > অডিট ফার্ম নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন শর্ত

অডিট ফার্ম নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন শর্ত

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৯:৪৯
  • ৫৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

রপ্তানি খাতে নগদ সহায়তা ও ভর্তুকি বিতরণে স্বচ্ছতা বাড়াতে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তার দাবি যাচাইয়ের লক্ষ্যে অডিট ফার্ম নিয়োগের ক্ষেত্রে এই নতুন নীতিমালা কার্যকর হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো তাদের নিয়মিত অডিটের জন্য নিয়োজিত সমসংখ্যক অডিট ফার্মকে এই কাজে নিয়োগ দিতে পারবে। তবে এই ধরনের নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে আগে ‘অনাপত্তি পত্র’ বা এনওসি নিতে হবে। শুল্ক বন্ড বা ডিউটি ড্রব্যাকের বিকল্প হিসেবে রপ্তানিমুখী খাতে এই নগদ সহায়তা দেওয়া হয়। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্বার্থের সংঘাত দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, কোনো ব্যাংক অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগ করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। আবেদনের সাথে সুনির্দিষ্ট যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। একই সাথে প্রস্তাবিত ফার্মের পূর্ব অভিজ্ঞতা ও অডিটের অপেক্ষায় থাকা দাবির সংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের ৮ জুলাই এবং ২০২৩ সালের ৩ ডিসেম্বরের পূর্ববর্তী সার্কুলারসহ বিদ্যমান অন্যান্য সকল অডিট সংক্রান্ত নিয়ম বহাল থাকবে। এই কঠোর তদারকির ফলে রপ্তানি সহায়তার অপচয় রোধ হবে। ফলে প্রকৃত রপ্তানিকারকদের প্রণোদনা প্রাপ্তি আরও স্বচ্ছ ও গতিশীল হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13308 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 07:37:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh