• হোম > বিদেশ > কোমে লাখো মানুষের ঢল, শেষ বিদায়ে আয়াতুল্লাহ আলি খামেনি

কোমে লাখো মানুষের ঢল, শেষ বিদায়ে আয়াতুল্লাহ আলি খামেনি

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৮:৫৪
  • ৫৫

---

ই-বাংলাদেশ ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের অংশ হিসেবে পবিত্র নগরী কোমে লাখো মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

জানাজার নামাজে ইমামতি করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। নামাজ শেষে খামেনির কফিন নিয়ে বিশাল শোকযাত্রা মহানবী হযরত মুহাম্মদ (সা.) বুলেভার্ড অতিক্রম করে হযরত ফাতিমা মাসুমাহ (সা.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আকাশ থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, কোম শহরের প্রধান সড়কগুলো লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। শোকযাত্রায় ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদল অংশ নেয়।

এর আগে সোমবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় প্রধান শোকযাত্রা। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে লাখো মানুষ জড়ো হয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, গত শুক্রবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার ধারাবাহিকতায় বুধবার খামেনির কফিন ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সেখানে পৃথক জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে। শেষপর্যায়ে বৃহস্পতিবার মাশহাদে হযরত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

এদিকে শেষকৃত্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, পার্লামেন্ট স্পিকার ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি থাকলেও আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির অনুপস্থিতি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্য হত্যাচেষ্টার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে মোজতাবা খামেনিকে জনসমক্ষে আনা হয়নি। তবে খামেনির অন্য ছেলেরা শোকানুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টি নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

তেহরানে জানাজায় অংশ নেওয়া কয়েকজন নাগরিকের মতে, জাতীয় সংকটের সময়ে সর্বোচ্চ নেতার প্রকাশ্য উপস্থিতি জনগণের কাছে গুরুত্বপূর্ণ প্রতীক। অন্যদিকে অনেকেই মনে করছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে মোজতাবা খামেনির জনসমক্ষে না আসাই নিরাপদ সিদ্ধান্ত।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ নতুন ইরানি নেতৃত্বকে লক্ষ্য করে হুমকিসূচক বক্তব্য দেওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিরাপত্তাজনিত কারণে সাময়িক অনুপস্থিতি ব্যাখ্যা করা গেলেও দীর্ঘ সময় জনসমক্ষে না থাকলে নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13302 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 05:06:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh