• হোম > বাংলাদেশ > মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৮:৫০
  • ৫৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশ আন্তরিকভাবে কাজ করছে।

তিনি জানান, বৈঠকে সিলেট অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, শিল্পায়ন, পর্যটন খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের, বিশেষ করে সিলেট অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা, বিশেষ করে সিলেটি প্রবাসীরা, দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং বিনিয়োগ দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ও নিয়মিত সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিক, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13300 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 03:50:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh