• হোম > বাংলাদেশ > সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৫:১৫
  • ৫০

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের গভীর আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় সংকট মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ও গৌরবময় ভূমিকা পালন করে আসছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন মহড়া ও প্রশিক্ষণ এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সকাল ৯টা ২০ মিনিটে প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। তিনি যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান, রণকৌশল, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তারেক রহমান সেনা বাংকারে নেমে দায়িত্ব পালনরত অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। এই আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ, সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর অবদান দেশের মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা, আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13263 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:31:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh