• হোম > খেলা | ফুটবল > মিশরের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

মিশরের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১৫:০৩
  • ৪৯

মিশরের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি পরাজয়ই শেষ করে দিতে পারে শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা মিশরও আত্মবিশ্বাসে ভরপুর। সাম্প্রতিক পারফরম্যান্সে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হওয়ার কথা নয়।

দীর্ঘ ১৮ বছর পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে একমাত্র সাক্ষাতে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে দুই দল।

ম্যাচটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলে একাধিকবার মুখোমুখি হলেও জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামতে পারেন দুই মহাতারকা।

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তনের আভাস মিলেছে। কেপ ভার্দের বিপক্ষে একাদশে থাকা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজের জায়গায় নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। এমন তথ্য জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে।

প্রতিবেদন অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই নিজের প্রথম একাদশ চূড়ান্ত করেছেন। তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে রাজি নন তিনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।”

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ড: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস।

আক্রমণভাগ: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13259 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 11:27:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh