• হোম > খেলা | ফুটবল > আমার জেতা ইউরো ২০১৬ বিশ্বকাপের সমান: রোনালদো

আমার জেতা ইউরো ২০১৬ বিশ্বকাপের সমান: রোনালদো

  • মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১০:৩২
  • ৫১

আমার জেতা ইউরো ২০১৬ বিশ্বকাপের সমান: রোনালদো

নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফুটবলের সবচেয়ে বড় আসরে শিরোপার স্বপ্ন পূরণ না করেই বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানছেন পর্তুগিজ মহাতারকা। তার ভাষ্য, জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার অর্জনই তার কাছে বিশ্বকাপ জয়ের সমান।

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বিদায়ের পর রোনালদো বলেন, এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে অবসরের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না।

৪১ বছর বয়সী রোনালদো টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলারও তিনি। তবে ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড।

স্পেনের বিপক্ষে হারের পর রোনালদো বলেন, “আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকালও আমি পরিষ্কার বিবেক নিয়েই ঘুম থেকে উঠব।”

জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে তিনি বলেন, “আমি ২৩ বছর ধরে জাতীয় দলে খেলেছি এবং তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানোর আগে পর্তুগাল কিছুই জেতেনি। ২০১৬ সালের ইউরো শিরোপাই ছিল সবচেয়ে বড় অর্জন। সত্যি বলতে, আমার কাছে সেই শিরোপার মূল্য বিশ্বকাপের সমান।”

ম্যাচের আগেও তিনি জানিয়েছিলেন, “এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি, আগামীকালের ম্যাচটাই আমার শেষ ম্যাচ হবে না।”

এবারের বিশ্বকাপে তিনটি গোল করেছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। পরে নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে করেন নিজের প্রথম নকআউট গোল।

অবসর প্রসঙ্গে তিনি বলেন, “একদিন সেই দিন অবশ্যই আসবে। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নেব। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমি ফুটবল খেলি শুধুই ভালোবাসা থেকে। প্রতিটি দিন উপভোগ করতে হয়। আর এই বিশ্বকাপে আমি তিনটি গোল করেছি। খারাপ তো করিনি, তাই না?”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13229 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 03:32:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh