• হোম > বাংলাদেশ > ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

  • সোমবার, ৬ জুলাই ২০২৬, ১৪:১৫
  • ৫২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবার (১১ জুলাই) এর মধ্যে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারির জন্য মানসম্মত লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গর্ভবতী মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অপরিহার্য। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, মোবাইল স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসকের পূর্ণ সন্তুষ্টি ছাড়া কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে হাম প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচিও সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতে শিগগিরই এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং তাঁদের অধিকাংশই মিডওয়াইফারি সেবায় নিয়োজিত থাকবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13203 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 10:32:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh