![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুলাই গোপালগঞ্জে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দিন ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে দলের স্থানীয় নেতা-কর্মীরা দোয়া, মোনাজাত ও সাংগঠনিক আলোচনা করবেন। তবে কর্মসূচিতে দলের কোনো কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন না।
রোববার দলীয় সূত্রে জানা যায়, এই সিদ্ধান্তের পেছনে মূল বিবেচনা ছিল নিরাপত্তাসংক্রান্ত বিষয়। গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটায় এবার একই তারিখে কেন্দ্রীয় নেতাদের সফর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি আগামী সোমবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে প্রকাশিত কর্মসূচির তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার উল্লেখ থাকলেও পরে সংশোধিত সূচিতে সেটি বাদ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন। পাশাপাশি গত বছরের অভিজ্ঞতা এবং নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়েছে।
তিনি জানান, পদযাত্রার পরিবর্তে গোপালগঞ্জে স্থানীয় পর্যায়ে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন না।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতায় চারজন নিহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় এনসিপির শীর্ষ নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।
তবে গোপালগঞ্জকে দলীয় কর্মসূচির বাইরে রাখা হচ্ছে না বলে জানিয়েছে এনসিপি। দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে প্রার্থী ঘোষণার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সফরের পরিকল্পনা রয়েছে।
দলের আরেক রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, উপযুক্ত সময় ও পরিস্থিতি বিবেচনায় এনসিপি ভবিষ্যতে গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালন করবে।