• হোম > বাংলাদেশ > মেট্রোরেল যাচ্ছে কমলাপুর পর্যন্ত, যাত্রীসেবা শুরু ২০২৭ সালের এপ্রিলে

মেট্রোরেল যাচ্ছে কমলাপুর পর্যন্ত, যাত্রীসেবা শুরু ২০২৭ সালের এপ্রিলে

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০:৩৬
  • ৮৬

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাজধানীতে ক্রমবর্ধমান যাত্রীচাহিদা পূরণে মেট্রোরেলের লাইন-৬ এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত অংশে আগামী বছরের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চলাচল শুরু হবে। এরপর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিলে যাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল চলাচল শুরু করবে।

তিনি বলেন, প্রতিদিনের যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে ট্রায়াল রান পরিচালনা করা হবে। এই পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ট্র্যাক, সিগন্যালিং ও অন্যান্য প্রযুক্তিগত বিষয় যাচাই করা হবে।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে।

তারা আরও জানান, কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আগামী সময়ে স্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ সম্পন্ন হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস স্থাপন, স্থায়ী কাচ বসানো এবং ভেতর ও বাইরের রঙের কাজ চলছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13169 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 11:17:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh