• হোম > বাংলাদেশ > আওয়ামী লীগ নিষিদ্ধ ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ নিষিদ্ধ ও সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে: চিফ প্রসিকিউটর

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০:০৭
  • ৮৬

 

 ---

ই-বাংলাদেশ ডেস্ক

রাজনৈতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি সুযোগ রয়েছে।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, তদন্তে যদি মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে দলটির সম্পত্তি বাজেয়াপ্ত করারও আইনি সুযোগ রয়েছে।

আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন—উভয় আইনের আওতায়ই কোনো সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করা সম্ভব। তিনি উল্লেখ করেন, সংগঠন বা রাজনৈতিক দলের বিচারসংক্রান্ত যে আইনি কাঠামো বর্তমানে রয়েছে, তা আওয়ামী লীগ সরকারের সময়েই সংশোধনের মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, অতীতে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেই আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। বর্তমানে একই আইনি কাঠামোর আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়েও কথা বলেন।

তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ কয়েকটি নির্দিষ্ট মামলায় তাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13165 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 10:41:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh