![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
একজন সাংবাদিক আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন সংবাদ সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য রয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”
এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।