• হোম > বাংলাদেশ > ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের

১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ১৯:৪৭
  • ৭৯

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ড দেশব্যাপী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং ছাত্র-জনতার আন্দোলনকে আরও বেগবান করেছিল।

তিনি জানান, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ-এর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

একই দিনে কক্সবাজারের পেকুয়ার শহিদ ওয়াসিম আকরাম-এর স্মরণেও সমমর্যাদায় আরেকটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এছাড়া ২০২৪ সালের ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা স্মরণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীর সম্ভাব্য নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। এটি চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের প্রাঙ্গণ অথবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে আয়োজনের চিন্তা করা হচ্ছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনায় নিহতদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13161 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 08:25:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh