• হোম > খেলা | ফুটবল > বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহাকে দলে নিতে আগ্রহী ব্রাজিলের দুই ক্লাব

বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহাকে দলে নিতে আগ্রহী ব্রাজিলের দুই ক্লাব

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ১৮:৫৫
  • ৭৮

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস (ভোজিনহা)-কে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দুটি ক্লাব।

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, অ্যাতলেটিকো গোইয়ানিয়েন্সে এবং আভাই ইতোমধ্যেই ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে।

গত ৩০ জুন পর্তুগিজ ক্লাব শাভেজের সঙ্গে ভোজিনহার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের অপেক্ষায় রয়েছেন।

বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিযানে অন্যতম নায়ক ছিলেন ভোজিনহা। গ্রুপ পর্বে তিনটি ড্র করে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠে আফ্রিকার দলটি। এরপর শেষ ষোলোতে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসি ও তার সতীর্থদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান ভোজিনহা। এর আগে স্পেনের বিপক্ষেও অসাধারণ গোলকিপিং করে কেপ ভার্দের জন্য মূল্যবান ফল এনে দেন তিনি।

বিশ্বকাপে ধারাবাহিক নৈপুণ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই গোলরক্ষক। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি ৪৮ লাখ (২৪.৮ মিলিয়ন)। অথচ বিশ্বকাপ শুরুর আগে তার অনুসারী ছিল মাত্র ৫৬ হাজার।

দারুণ এই পারফরম্যান্সের পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের নজরে এসেছেন ভোজিনহা। এখন দেখার বিষয়, ব্রাজিলের কোন ক্লাব শেষ পর্যন্ত কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভেড়াতে সক্ষম হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13157 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 06:29:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh