• হোম > বাংলাদেশ > হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ১৫:০৬
  • ৬২

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন।

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে বাদী উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে তার মৃত্যু হয়।

মামলার আবেদনে আরও দাবি করা হয়, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি। এর ফলে হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।

আবেদনে আরও বলা হয়, এই অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে।

এছাড়া বিবাদীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। আদালতের আদেশের পর মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13145 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 12:38:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh