• হোম > বাংলাদেশ > জুলাই পদযাত্রার ঘোষণা এনসিপির, তবে থাকছে না গোপালগঞ্জ

জুলাই পদযাত্রার ঘোষণা এনসিপির, তবে থাকছে না গোপালগঞ্জ

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ০১:২০
  • ৬৫

জুলাই পদযাত্রার ঘোষণা এনসিপির, তবে থাকছে না গোপালগঞ্জ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামের এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে দলটি। আগামী ৬ জুলাই থেকে শুরু হবে এই কর্মসূচি।

তবে এবারের পদযাত্রার সূচিতে রাখা হয়নি গোপালগঞ্জকে। শনিবার (৪ জুলাই) রাজধানীতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনের পর প্রকাশিত কর্মসূচির রোডম্যাপে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভা নির্বাচন করা হয়েছে এবং সেখানেই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, মাসব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করা।

উত্তরাঞ্চলের কর্মসূচিতে সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা (আংশিক), গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা (আংশিক), মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিকে সামনে রেখেই এ কর্মসূচি পরিচালিত হবে বলে জানিয়েছে দলটি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। সেই প্রেক্ষাপটে এবার দলটির ঘোষিত পদযাত্রার সূচিতে গোপালগঞ্জের নাম রাখা হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13127 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 06:17:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh