• হোম > খেলা | ফুটবল > মাঠে লাথি মেরে খেলা শেষে জার্সি চাইলো: মেসি

মাঠে লাথি মেরে খেলা শেষে জার্সি চাইলো: মেসি

  • রবিবার, ৫ জুলাই ২০২৬, ০১:০৯
  • ৬০

মাঠে লাথি মেরে খেলা শেষে জার্সি চাইলো: মেসি

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। অভিষেক আসরেই নকআউট পর্বে উঠে এসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো কঠিন পরীক্ষায় ফেলেছিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।

রুদ্ধশ্বাস লড়াই শেষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর স্বপ্নময় বিশ্বকাপ অভিযান শেষ হয় কেপ ভার্দের।

ম্যাচ শেষে প্রতিপক্ষকে নিয়ে মজার মন্তব্য করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। হাস্যরসের সুরে তিনি বলেন, ‘ওরা আমার জার্সি চাইল, সবই চাইল… অথচ মাঠে আমাকেই সবচেয়ে বেশি লাথি মারল!’

এই ম্যাচেও আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলের হয়ে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন তিনি। এছাড়া তার নেওয়া দুটি কর্নার থেকেই লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং কেপ ভার্দের ডিফেন্ডার ডিজনির আত্মঘাতী গোলের সুযোগ তৈরি হয়।

দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মেসি বলেন, ‘এই দল বহুদিন ধরেই প্রমাণ করে আসছে, শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা লড়াই করি। আজ সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে সেট পিস থেকে আমরা খুব বেশি সফল হতে পারিনি। কিন্তু এমন ম্যাচে এগুলোই পার্থক্য গড়ে দেয়। আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বাতাসে দারুণ শক্তিশালী এবং হেডে কার্যকর।’

তবে জয় পেলেও দলের কিছু দুর্বলতার কথাও স্বীকার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। কেপ ভার্দে এর আগে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারতে দেয়নি। প্রথম গোল করার পর মনে হয়েছিল ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা।’

তিনি যোগ করেন, ‘আমরা বলের দখল হারিয়ে ফেলি, অযথা অনেক নিচে নেমে যাই এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি। এসব জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে।’

বিশ্বকাপের অভিষেক আসরেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে বিদায় নিলেও নিজেদের সাহসী ফুটবল দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। আর সেই কঠিন পরীক্ষা উতরে গিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13119 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 10:45:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh