![]()
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প, তার প্রশাসন এবং মার্কিন জনগণের প্রতি শুভকামনা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দূরদর্শী ও বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই গৌরবোজ্জ্বল উদযাপন শুধু দেশটির জন্যই নয়, বরং বিশ্বের মানুষের কাছেও স্বাধীনতা, গণতন্ত্র, আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধের এক অনুপ্রেরণার প্রতীক। ‘আমেরিকা ২৫০’ উদযাপন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য এবং বৈশ্বিক অবদানকে নতুন করে তুলে ধরছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। গত পাঁচ দশকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দুই দেশের সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও মানবিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী ও গভীর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি মার্কিন জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং সুখ-সমৃদ্ধ জীবন কামনা করেন।