![]()
ই-বাংলাদেশ ডেস্ক
পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার দাবি, রাউন্ড অব সিক্সটিনে পর্তুগাল ও স্পেনের বহুল প্রতীক্ষিত ম্যাচ আয়োজনের লক্ষ্যেই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে এসি মিলানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিমোভিচ বিশ্বকাপ চলাকালে ফক্স স্পোর্টসের বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। ম্যাচ-পরবর্তী এক আলোচনায় তিনি ভিএআরের সিদ্ধান্তকে কঠোর ভাষায় সমালোচনা করেন।
ইব্রাহিমোভিচ বলেন, “এটি ছিল দুর্দান্ত একটি ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে ভিএআর সেটি নষ্ট করে দিল। গোলটিতে আমি কোনো অনিয়মই দেখিনি। ভিএআর গোলটি বাতিল করেছে, কিন্তু আমার কাছে এটি ছিল স্পষ্ট ডাকাতি।”
গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “হয় বলের সেন্সর ঠিকভাবে কাজ করেনি, নয়তো অন্য কোথাও সমস্যা হয়েছে। কারণ রেনাতো ভেইগা বল স্পর্শ করেছিলেন। সেখানে অফসাইড হওয়ার প্রশ্নই আসে না।”
রিপ্লে বিশ্লেষণ করে তিনি আরও বলেন, “রিপ্লে দেখুন, ক্রোয়েশিয়ার ২০ নম্বর খেলোয়াড় বল স্পর্শই করেনি, এমনকি বলের গতিপথও পরিবর্তন করেনি। বরং পর্তুগালের ১৩ নম্বর খেলোয়াড় বল স্পর্শ করেছে। তাহলে অফসাইড কীভাবে হয়? প্রতিপক্ষের খেলোয়াড় বল ছুঁয়েছে, এরপরও গোলদাতা অফসাইড—এটা একেবারেই হাস্যকর।”
ইব্রাহিমোভিচের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থকও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও ম্যাচ পরিচালনাকারী কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।