• হোম > বিদেশ > সুপার টাইফুনে রূপ নিতে পারে ‘বাভি’, গুয়াম ও উত্তর মারিয়ানায় জরুরি সতর্কতা

সুপার টাইফুনে রূপ নিতে পারে ‘বাভি’, গুয়াম ও উত্তর মারিয়ানায় জরুরি সতর্কতা

  • শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৮:৫৯
  • ৬৯

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘বাভি’। অল্প সময়ের মধ্যেই এটি ভয়ংকর সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। ঝড়টি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগাম প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টাইফুন ‘বাভি’ বর্তমানে মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে, ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ২০৩ কিলোমিটার।

আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমুখী এই ঘূর্ণিঝড় খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে সুপার টাইফুনে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে এর বাতাসের গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতি ২৭৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরবর্তীতে কিছুটা দুর্বল হলেও আগামী সোমবার (৬ জুলাই) সকালে টাইফুন ‘বাভি’ গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এ কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার আরও জানিয়েছে, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাস-বিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। বর্তমানে টাইফুন ‘বাভি’-র গতিপথ, শক্তি এবং সম্ভাব্য আঘাতের স্থান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13101 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 06:04:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh