• হোম > রাজনীতি > ‘জুলাইয়ের চেতনা বিক্রি করলে ইতিহাস ক্ষমা করবে না’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

‘জুলাইয়ের চেতনা বিক্রি করলে ইতিহাস ক্ষমা করবে না’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

  • শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৮:২১
  • ৫৯

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা ভবিষ্যতে শুভ পরিণতি বয়ে আনবে না। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, অতীতে যারা মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই জুলাইয়ের চেতনাকেও রাজনৈতিক ব্যবসার হাতিয়ার বানানো উচিত নয়।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করছে কিংবা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস তাই বলে।”

তিনি বলেন, “যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনীতি করেছে, শেষ পর্যন্ত জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই চেতনা বিক্রির ব্যবসা কখনোই ভালো নয়।”

সংগঠন দুটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণের আহ্বান

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা জানতে পারে কীভাবে একটি স্বৈরাচারী শাসনের পতন হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতের কোনো সরকার যেন স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অর্থনীতি ও বাজেট নিয়ে বক্তব্য

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি দুর্বল অর্থনৈতিক ভিত্তির ওপর দায়িত্ব গ্রহণ করেছে।

তার ভাষায়, “ব্যাংকিং খাত লুটপাট হয়েছে, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। জাতির প্রত্যাশা অনেক, কিন্তু বাস্তবতাও বিবেচনায় রাখতে হবে। সরকার যে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে, সেখানে সামাজিক নিরাপত্তা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের সময় তিনি এবং দলের শীর্ষ নেতৃত্ব নির্বাসিত জীবন কাটালেও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনকে সফল করতে রাজনৈতিকভাবে দেশের বিভিন্ন স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে এক দফা দাবির মাধ্যমে আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটির বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে।

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আমরা দাবি জানিয়েছি। তদন্ত চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, সংবিধান এবং সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের বিচার করার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা

বক্তব্যের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক শহীদের পরিচয় ও কবরের তথ্য আজও পাওয়া যায় না। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব বলেও মন্তব্য করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13093 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 09:36:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh