![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশের তিন জেলায় শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রাইমসের প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, সাতক্ষীরা, খুলনা ও কুড়িগ্রাম জেলার কিছু এলাকায় বিকেল ৫টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব অঞ্চলের মানুষকে অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা দিলে কিংবা বজ্রপাতের শব্দ শোনা মাত্রই ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ সব ধরনের খোলা জায়গার কার্যক্রম বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।
রাইমসের নিরাপত্তা নির্দেশনায় আরও বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা স্থানে দলবদ্ধভাবে না থেকে ছড়িয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে থাকা, ঝড়ের সময় আম বা শিলা কুড়াতে যাওয়া থেকেও বিরত থাকতে হবে।
এ ছাড়া গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে কিংবা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান না করার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এসব স্থানে বজ্রপাতের সময় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি থাকে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় আগাম সতর্কতা মেনে চলা এবং প্রয়োজন ছাড়া খোলা স্থানে না যাওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।