• হোম > বিদেশ > মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, নিউইয়র্ক সফর থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের নিরাপত্তামন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, নিউইয়র্ক সফর থেকে সরে দাঁড়ালেন ইসরাইলের নিরাপত্তামন্ত্রী

  • শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৬:১৬
  • ৬৮

 

---

ই-বাংলাদেশ ডেস্ক

জাতিসংঘের পুলিশবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরের পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করেছেন ইসরাইলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সম্ভাব্য বিক্ষোভ এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত ও গ্রেপ্তারের দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইসরাইলি দৈনিক হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ওই সম্মেলনে বেন-গভিরের নেতৃত্বে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইসরাইল সরকার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

বেলজিয়ামভিত্তিক মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন মার্কিন বিচার বিভাগের কাছে বেন-গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, নির্যাতন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করেছে। একই সঙ্গে সংস্থাটি যুক্তরাষ্ট্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

এ নিয়ে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন বেন-গভির। এর আগে জুন মাসের মাঝামাঝি ব্যক্তিগত পারিবারিক সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনাও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

তৎকালীন সফরটি বাতিলের কারণ ছিল ভিসা-সংক্রান্ত জটিলতা। মার্কিন দূতাবাস তার বায়োমেট্রিক তথ্য ও আঙুলের ছাপ সরাসরি উপস্থিত হয়ে জমা দেওয়ার শর্ত আরোপ করলে তিনি সফরটি স্থগিত করেন।

সর্বশেষ সফর বাতিলের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বেন-গভিরকে ঘিরে আইনি ও কূটনৈতিক চাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/13085 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 08:25:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh